সিরাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার রতনকান্দি, মহিষামুড়া চৌরাস্তা, একডালা, বয়রা ও ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় দুই স্থানে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় সেলিম রেজা বলেন, মাদক, সন্ত্রাস, বালুখেকো ও দখলবাজির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তিনি বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজিপুরে তাদের কোনো অস্তিত্ব রাখতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মুঞ্জু, যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মুজিবুর, রতনকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলহাজ্বসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

