বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে ১২ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ায় যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ গ্যাস সংকট দেখা দিলে গ্যাস সংকোচনের জন্য ব্যবহৃত বুস্টার কম্প্রেসরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নিরাপত্তাজনিত কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে বুস্টার কম্প্রেসরের ত্রুটি মেরামত সম্পন্ন হলে মঙ্গলবার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সারকারখানার উপ-প্রধান প্রকৌশলী ফজলুল হক বলেন, ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সংকোচনের বুস্টার কম্প্রেসরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ২২ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ ছিল। মেরামত শেষে এখন পুরোপুরি উৎপাদন কার্যক্রম চালু করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রণে যমুনা সারকারখানা স্থাপন করা হয়। কেপিআই-১ মানসম্পন্ন এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ১৯টি জেলায় প্রায় আড়াই হাজার সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার সরবরাহ করা হয়।
কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য প্রতিদিন ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

