ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার অংশবিশেষ) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমের প্রচারণায় এবার ভিন্ন মাত্রা যোগ করেছেন তাঁর ইতালিয়ান পুত্রবধূ ফ্লাভিয়া সান্তরো, যিনি আধো বাংলায় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন।
এ আসনে সাতজন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হওয়ায় শুরু থেকেই আলোচনায় রয়েছেন নূরুন নাহার বেগম। তবে তাঁর পরিবারের সক্রিয় অংশগ্রহণ, বিশেষ করে বিদেশি পুত্রবধূর মাঠপর্যায়ের প্রচারণা ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
গ্রাম থেকে গ্রাম, হাট-বাজার ও অলিগলিতে প্রচারণাকালে ফ্লাভিয়া সান্তরো ভাঙা বাংলায় বলেন, “আমার মায়ের জন্য লাঙ্গল মার্কায় ভোট দেবেন।” স্থানীয়দের মতে, তাঁর এই সরল প্রচেষ্টা অনেক ভোটারের মন ছুঁয়ে যাচ্ছে।
প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন তাঁর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি ও ব্যারিস্টার মেহবুবা অলি। তারা ভোটারদের কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় হরিপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কালিগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় নূরুন নাহার বেগম বলেন, “আমি ইতালি থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে এসেছি। আমাকে কেউ ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের ভোটই আমার শক্তি।” তিনি এলাকায় শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হোসেন বলেন, মানুষের প্রত্যাশার জায়গা থেকে কাজ করতে চান তিনি। বিশেষ আলোচনায় ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি নারী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, নারী প্রার্থী ও পরিবারের সক্রিয় প্রচারণা এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিদেশি পুত্রবধূর অংশগ্রহণ এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

