শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয় খুলে দেয় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। পরে কার্যালয়ের ভেতরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনা-র ছবি অল্প সময়ের মধ্যেই গায়েব হয়ে যায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শরীয়তপুর জেলা শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে অন্তত ১০ জন মুখোশধারী ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে দলীয় স্লোগান দিতে দিতে দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়ালে টাঙিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কে বা কারা ওই ছবিগুলো সরিয়ে নেয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি পেজে আপলোড করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাতীয় পতাকা ও দুই নেতার ছবি হাতে স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে দেয়ালে ছবি টাঙাচ্ছেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

