দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র টহল দল মঙ্গলবার রাত ও বুধবার ভোরে দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় ২৩০ গ্রাম হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬২০ প্যাকেট পাতার বিড়ি, ১৫ হাজার ৪৮০ পিস চকলেট বাজি, ৬ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এবং ২১৬ পিস সিটি গোল্ড চেইন। এসব পণ্যের মোট সিজার মূল্য ৪৭ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।
উদ্ধারকৃত চোরাচালানী পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

