কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমিতে একযোগে এসব ককটেল ধ্বংস করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধারকৃত ককটেলগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
বুধবার বরিশাল সেনাবাহিনীর ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো ধ্বংস করেন। এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

