নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর প্রভাতফেরি ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
এসব কর্মসূচিতে ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহান শহিদ দিবস পালন কমিটির সদস্য-সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে ব্রির পরিচালক (গবেষণা) ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উন্মোচন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

