Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সাইবার সুরক্ষা আইনে অনলাইন ক্যাসিনো চক্রের অন্যতম আসামি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনো কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানে গ্রেপ্তার হয়েছেন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া জেলার প্রথম মামলার অন্যতম আসামি মুকুল ইসলাম (৩২)।

তিনি মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দিবাগত রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কার্যকর হওয়া সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দায়ের হওয়া প্রথম মামলায় এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে অন্যতম আসামি ছিলেন মুকুল ইসলাম। অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন এলাকায় সংগঠিত অনলাইন ক্যাসিনো ও জুয়ার নেটওয়ার্ক বিস্তারে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মোবাইল অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের একটি বড় অংশকে এই অবৈধ কারবারে সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার রাতে কোমরপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। অভিযানের সময় মুকুলের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা চালিয়ে অনলাইন জুয়া বা অবৈধ লেনদেন সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, সাইবার আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন জুয়া ও সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মেহেরপুরে দীর্ঘদিন ধরেই অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়ভাবে অনেকেই একে ‘অনলাইন জুয়ার রাজধানী’ বলেও আখ্যা দিয়ে থাকেন। ইতোমধ্যে বিভিন্ন সময়ে বেশ কয়েকজনকে আটক করা হলেও মূল নেটওয়ার্ক ভাঙতে ধারাবাহিক অভিযান চলছে। প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে প্রশাসন এখন আরও কঠোর অবস্থানে রয়েছে। সাইবার সুরক্ষা আইন কার্যকরের পর এটি জেলার প্রথম মামলা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গ্রেপ্তারকৃত মুকুল ইসলামকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে অনলাইন জুয়ার বিস্তার রোধ করে যুবসমাজকে এই অপরাধচক্রের কবল থেকে মুক্ত রাখা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।