বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ ও তার স্ত্রী রুজিনা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানিয়েছেন, গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙ্গে চারজন ডাকাত কালো মুখোশ পরে প্রবেশ করে। ডাকাতরা বয়সে ১৮-১৯ বছরের ছিলেন। তারা তাঁর এবং তার স্ত্রী রুজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে ঘরের আলমারি এবং বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো ছুরির আঘাতে সাবেক কাউন্সিলর আহত হন।
ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে সাবেক কাউন্সিলর ও তার স্ত্রী বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

