কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখ-এর বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়েছে। গুলির আঘাতে বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, “আমি তারাবীর নামাজ শেষে বাড়ির নিজতলায় বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ শুনতে পাই। পরে ২তলায় গিয়ে দেখি আমার বেডরুমের জানালার গ্লাস ভাঙা এবং চারটি গুলির ছিদ্র। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই। এখন আমার পরিবারসহ আমরা নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

