শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় এবং সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে এখানকার মানুষ জীবন-জীবিকা টিকিয়ে রেখেছেন। উপকূল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জাতীয় সংসদে জোরালো দাবি উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, টেকসই বাঁধ নির্মাণ, খাল খনন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থাই শ্যামনগরবাসীর প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
তিনি গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা উন্নয়ন, দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরেন। সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে সুসংহত করে—উল্লেখ করে তিনি প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উপজেলাকে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে এমপি বলেন, পর্যায়ক্রমে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্য খাতে টেকসই উন্নয়ন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে অবকাঠামো ও জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বিশ্ব ঐতিহ্য সুন্দরবন-কে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে উপস্থাপন এবং পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

