উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লস্করপুর দাসপাড়া গ্রামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি খড়ের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুরেন্দ্রনাথ দাসের ছেলে অমৃত কুমার দাস (৬০)-এর বাড়ির পাশে থাকা খড়ের ঘরে অজ্ঞাতপরিচয় কেউ আগুন ধরিয়ে দেয়।
অমৃত কুমার দাসের ছেলে আদিত্য চন্দ্র দাস (৩৮) সাংবাদিকদের জানান, “রাতের খাবার শেষে ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটি শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী দ্রুত এসে সাহায্য করে। বাড়ির পাশে থাকা পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
ঘরটিতে প্রায় তিন কাহন খড় ছিল, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

