রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোৎকোল এলাকায় এক সফল কৃষকের দেড় বিঘা পেঁয়াজ বীজের ক্ষেত রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন শেখ জানান, তার দেড় বিঘা জমির কদম পেঁয়াজ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ৫–৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং তার মনোবলও ভেঙে গেছে।
কৃষকরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলেন, “রাতের আঁধারে এমন হামলা আমাদের মাঠে চাষ করতে ভয় দেখাচ্ছে। দ্রুত দোষীদের শাস্তি চাই।”
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন শেখ বলেন,এ বছর মোট ৫.৫ একর জমিতে হাইব্রিড, বেগম ও সুখসাগর জাতের পেঁয়াজ বীজের আবাদ করেছেন, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “দেড় বিঘা জমির ফসল চোখের পলকে শেষ করে দিল। বাকি জমি নিয়েও এখন শঙ্কায় আছি। যারা আমাদের পেট ক্ষত করেছেন, তাদের বিচার চাই।”
কৃষি বিভাগের প্রতিক্রিয়া: রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জনি খান জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারি প্রণোদনা এবং সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজবাড়ীর এই অঞ্চলের পেঁয়াজ বীজ দেশের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে এ ধরনের হামলা কৃষি খাতের অগ্রযাত্রায় বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

