কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বলেছেন, “রংপুরে চার পূর্ণমন্ত্রী থাকলেও আমাদের লক্ষ্য দলাদলি নয়, উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমি কাউনিয়া ও পীরগাছার জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হয়েছি। তাই দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে তা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয়—সমন্বিত উদ্যোগই হবে তার অঙ্গীকার।
আখতার হোসেন আরও বলেন, সাধারণ মানুষ সরকারি অফিসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। তাই কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। তিনি প্রত্যেক সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ, আগে আসা ব্যক্তি আগে সেবা এবং জরুরি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশ দেন।
সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পরে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে আখতার হোসেন বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। জাতীয় সংসদে সাংবাদিকদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি উত্থাপন করবেন এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

