বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিরোধ নিষ্পত্তিতে নারী সদস্যদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হয় এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন। তাই গ্রাম আদালতের কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে বিচার প্রক্রিয়ায় মানবিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে গ্রাম আদালতের আইন, কার্যপ্রণালি ও দায়িত্ব সম্পর্কে নারী সদস্যদের ধারণা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

