গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ খান।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন— সেলিমুজ্জামান মোল্লা সেলিম (গোপালগঞ্জ-১), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২) এবং এস. এম. জিলানী (গোপালগঞ্জ-৩)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনসহ জেলার পাঁচ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
বক্তব্যে সেলিমুজ্জামান মোল্লা সেলিম এমপি মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে শতভাগ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
ডা. কে এম বাবর এমপি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উন্নয়ন ও মুক্তিযোদ্ধাদের সার্বিক চিকিৎসা সেবায় সর্বনিম্ন খরচ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এস এম জিলানী এমপি জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বাধীনতার চেতনার পরিপন্থী যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা এবং জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপিরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।
শেষে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে তিন সংসদ সদস্যকে সম্মাননা জানানো হয়।

