Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও দেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ (২৬ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আমানত শেখ এবং মাতা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। শৈশবেই পিতা-মাতাকে হারানো নূর মোহাম্মদ সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর)—বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন এবং পরবর্তীতে ল্যান্স নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। সে সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন মেজর এস এ মঞ্জুর।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে তিনি শহীদ হন। পরে যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। দেশের স্বাধীনতার জন্য অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ নগরে আজ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।