বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া এলাকার নিহত ওসমান গনি সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ওসমান গনি সরদারের মা, স্ত্রী, তিন বছর বয়সী সন্তান, ভাই-বোনসহ শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত নিহতের মা, স্ত্রী, বোন ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রায় এক মাস পার হলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং অভিযুক্তরা ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করছে এবং নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করা কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলায় বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওসমান গনি সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি নিহতের ভাই এনামুল কবির বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

