Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সোনালি আমের মুকুল, বসন্তের ঘ্রাণ

Link Copied!

আমিনুল ইসলাম ইসলাম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

ঋতুরাজ বসন্তের ফাগুনী হাওয়ায় রাজশাহীর দুর্গাপুরে চারদিকে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। পাতার ফাঁকে ফাঁকে সোনালি মুকুলে ছেয়ে গেছে গাছ। শীতের তীব্রতা কমে আসতেই প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোদ-কুয়াশার লুকোচুরির মধ্যেই আম বাগানে প্রস্ফুটিত হচ্ছে মুকুল। নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আমচাষি এস্তাক আলী জানান, এবার অনেক গাছে আগাম মুকুল এসেছে। তিনি ইতোমধ্যে বাগান পরিচর্যায় নেমে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, গোপালপুর, নওপাড়া, শ্যামপুর, আলীপুর, কাশিপুর, নান্দিগ্রাম, দেবীপুর, পানানগর, বখতিয়ারপুর ও কানপাড়া এলাকায় ছোট-বড় বিভিন্ন আম গাছে মুকুল আসতে শুরু করেছে। কোথাও কোথাও পুরো গাছই সোনালি মুকুলে ছেয়ে গেছে। মুকুলের সৌরভে মুখরিত চারপাশ।
প্রজাপতি ও মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।

বাগান মালিক আনিস উদ্দিনসহ অন্যান্য চাষিরা বলেন, ফাল্গুনের শুরুতেই গাছে মুকুল দেখে তারা আশাবাদী। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবারও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আগাম মুকুল কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কাও রয়েছে তাদের মধ্যে।

দুর্গাপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, শীতের প্রকোপ থাকা সত্ত্বেও কিছু এলাকায় আগাম মুকুল এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণতার তারতম্যের কারণে এমনটি হতে পারে। ফাল্গুনের শুরুতেই অধিকাংশ গাছে মুকুল প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক সপ্তাহের মধ্যে আম বাগানের চেহারা বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন বলেন, “এখনও সব গাছে পূর্ণমাত্রায় মুকুল আসেনি। তবে যেসব গাছে এসেছে, সেগুলোর পরিচর্যা জরুরি। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া সম্ভব।”

উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতেও নানা জাতের আমের চাষ হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছরই বাড়ছে আম চাষের পরিধি। আম প্রধান এই অঞ্চলের মানুষের ব্যস্ততা এখন মুকুলের যত্নআত্তি ঘিরেই। বসন্তের সুবাসে তাই নতুন স্বপ্ন দেখছেন দুর্গাপুরের আমচাষিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।