কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শংকর হালদার (৪২) নামের এক ব্যক্তি নিয়মিতভাবে প্রকাশ্যে মাদক সেবন করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, কেউ প্রতিবাদ করলে শংকর ও তার সহযোগীরা তাদের মারধর করেন।
স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সাহায্যের আবেদন করেছেন। শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।
এলাকার বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার (৪০) বলেন, “শংকর হালদার বাড়ির পাশে পুকুর পাড়ে বসে লোকজন নিয়ে মাদক সেবন করে। ওই পুকুর পাড় দিয়ে মহিলা-পুরুষসহ এলাকার মানুষ চলাচল করে। প্রতিবাদ করলে শংকর ও তার লোকজন আমাদের মারধর করেছে। কয়েকদিন আগে আমার ও আমার চাচা নিরঞ্জনের ওপরও হামলা চালানো হয়েছে।”
অভিযোগ সম্পর্কে শংকর হালদার বলেন, “আমি আগে কিছুটা মাদক সেবন করতাম। এলাকার লোকজনের সামাজিক চাপের কারণে এখন ছেড়ে দিয়েছি।”
ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক জানান, “মাদক সম্পর্কিত কোনো কার্যকলাপে কাউকে ছাড় দেওয়া হবে না। যদি শংকর হালদার প্রকাশ্যে মাদক সেবন করে, তবে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দাবি করছেন, পুলিশ ও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া এলাকার সাধারণ মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারছে না।

