নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। রবিবার সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজার পরিদর্শন করে তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
বাজার পরিদর্শনের সময় প্রশাসক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করেন। এ সময় তিনি বলেন, “রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে যেন কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে।”
তিনি আরও জানান, “আমরা চাই সাধারণ মানুষ রমজান মাসে স্বস্তিতে নিত্যপণ্য ক্রয় করতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি, তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অন্যায় করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসক ব্যবসায়ীদেরও সামাজিক দায়িত্বের কথা স্মরণ করান। তিনি বলেন, “রমজানের মতো সংযমের মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।”
বাজার পরিদর্শনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান এবং অন্যান্য কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করতে সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
প্রশাসক আরও জানান, ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যতালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য। কেউ যদি এসব নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করা হয়।
তিনি নিশ্চিত করেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

