ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় নিহত হন জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর রাজধানীর উত্তরা এলাকা থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে প্রতিবেশী মনি বেগমের বাকবিতণ্ডা হয়। প্রথমে বিষয়টি তর্কাতর্কির মধ্যে সীমাবদ্ধ থাকলেও একপর্যায়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে গ্রেপ্তারকৃত শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে জুয়েলের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির ভেতরে ঢুকে গালিগালাজ শুরু করলে জুয়েল ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা জুয়েল ও তার ভাই সোহেলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ভাই সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন ২৮ ফেব্রুয়ারি নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯)। মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে।
পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র্যাব-১০ ও র্যাব-১ এর একটি বিশেষ যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিয়মিতভাবে সন্ত্রাস, হত্যা ও সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

