ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম। সঞ্চালনায় ছিলেন ডা. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “দেশ ও জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই আয়োজন ড্যাবের এক মহতী উদ্যোগ। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে কোনো উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক বাসেদুর রহমান সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. মাহামুদুল হাসান, ডা. মো. সাকি খান, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আল আমিন সারোয়ার, ডা. আনামুল হক মিল্টন এবং বিএনপির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

