নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে হাতিরদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।
অভিযানকালে বাজারের বিভিন্ন বীজ বিক্রয় কেন্দ্র, ইফতারি দোকান ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় বিক্রয়ের জন্য সংরক্ষিত বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন মুদি ব্যবসায়ী ও একজন বীজ বিক্রেতাকে জরিমানা করা হয়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ এবং মো. মোবারক হোসেন অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

