যশোর প্রতিনিধি
যশোরে আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং আবিদের বাবার কাছেও একই ধরনের হুমকি ও ম্যাসেজ পাঠানো হয়েছে।
আবিদ যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের গ্রামীণফোন মার্কেটিং সেলসে কর্মরত। তার স্ত্রী মিনি খাতুন জানান, বুধবার সকালে আবিদ বাড়ি থেকে বের হন। দুপুরে খাবারের জন্য দোকানে যাওয়ার কথা জানালেও এরপর আর কোন যোগাযোগ হয়নি। রাতে ফোনে অপহরণকারীরা তাকে বাঁচানোর আকুতি জানায় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় আবিদ হাসানের স্ত্রী বুধবার রাত সাড়ে বারোটার দিকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনার খোঁজখবর নিচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অপহরণ হয় এবং মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। ১১ মার্চ রাতে র্যাবের হাতে তিনি উদ্ধার হন।

