যশোর প্রতিনিধি
যশোরের ভবদহ অঞ্চলে নদী খনন কাজের ধীরগতি ও বিভিন্ন লুকোচুরি কার্যক্রমের কারণে আগামী বর্ষা মৌসুমে ফের জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নীল রতন ধর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনটি আগামী বর্ষা মৌসুমে ভবদহকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে সাত দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ৮১ কিলোমিটার নদীর খনন কাজ দ্রুত সম্পন্ন করা, হরি ও তেলিগাতি নদী এবং আপার ভদ্রার ২০–২২ কিলোমিটার অগ্রাধিকার ভিত্তিতে খনন করা, প্রস্তাবিত টিআরএম প্রকল্প অনুমোদন ও কার্যক্রম শুরু করা, স্লুইসগেটের সকল গেট সচল করা এবং আমডাঙ্গা খাল সংস্কার বর্ষা শুরু হওয়ার আগে সম্পন্ন করা। এছাড়া, ক্ষতিগ্রস্ত ফসল ও বাড়িঘরের ক্ষতিপূরণ প্রদান, নদী সংযোগ উন্নয়ন এবং নদীর উপর অবৈধ দখল ও দূষণমুক্ত করার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান এবং সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, শিব পদ বিশ্বাস, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, রাজু আহম্মেদ, পার্থ প্রতিম বৈরাগী, সুকেন্দু বিশ্বাস, মহিতোশ বিশ্বাস ও রাশেদা বেগম প্রমুখ।

