যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটির পর অভিমান করে গৃহবধূ সাবিনা বেগম (২৫) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব নদীতে ঝাঁপ দেন। দীর্ঘ ৪২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাটসংলগ্ন ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাবিনা বেগম বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। পরে বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার সময় মোবাইল হারানোর বিষয় নিয়ে তার শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি অভিমান করে নদীতে ঝাঁপ দেন। এরপর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ তার সন্ধান করতে ব্যর্থ হয়।
তালতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে এবং নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

