Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও স্যানিটারি/হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের একজন ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে, গত ৭ মার্চ শনিবার রাত আটটার দিকে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলাম (২৭) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। কর্মস্থল থেকে নিজ বাড়ি কুলিয়া গ্রামে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এক সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, কয়েক দিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারীকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মচারীকে হত্যাচেষ্টা এবং আজ মালিককে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।