মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিঠুন সরকার (৩৫) উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নং-০২/২০১৬) আদালত মিঠুন সরকারকে ১০ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে একই রাতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকেও আটক করেছে পুলিশ। আটক শাহিন শেখ (২৪) ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত দুজনকে রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

