দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর থানার ওসির ব্যবহৃত পিকআপ গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় কুমারখালী পৌরসভার এলংগীপাড়ায় হামলার এ ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে, এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে এমপির সঙ্গে আনোয়ারের বাকবিতণ্ডা হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে ওসি জামাল উদ্দিন জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এমপি আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার মুখপাত্র অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, ঘটনার সময় এমপি এলাকায় ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পরে দুর্বৃত্তরা হামলা চালায়। এঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছেন পুলিশ।

