যশোর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর ২৩২ জন শিশুকে দেওয়া হয়েছে নতুন পোশাক। ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের জন্য পাঞ্জাবি-পাজামা ও টুপি বিতরণ করা হয়। পাশাপাশি বিশেষ খাবার ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রটিতে দিনটি উদযাপিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রের ভেতরে নির্ধারিত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের স্থানটি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়, যা শিশুদের মাঝে উৎসবের আমেজ তৈরি করে। ঈদের সকালে তাদের জন্য পরিবেশন করা হয় ফিরনি ও সেমাই।
শিশু উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো. মঞ্জুর হাছান জানান, কেন্দ্রটিতে ১৫০ জনের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেখানে ২৩২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে সর্বনিম্ন বয়স ১০ বছর এবং অধিকাংশের বয়স ১৭ বছরের মধ্যে। বিভিন্ন মামলায় আদালতের আদেশে তারা এখানে রয়েছে।
তিনি আরও জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী ঈদের দুপুরে শিশুদের জন্য পোলাও, গরুর রেজালা, ডাল ও কোমল পানীয় দেওয়া হয়। বিকেলে পরিবেশন করা হয় মিষ্টি এবং রাতের খাবারে থাকছে মাংস ও পাতলা ডাল।
তিনি বলেন, “সরকারি অর্থেই ঈদের সব আয়োজন করা হয়েছে। বাইরে থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি।”
এছাড়া ঈদের দিন শিশুদের সঙ্গে অভিভাবকদের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। গত ঈদে ২০-২৫ জন অভিভাবক সাক্ষাৎ করলেও এবার ৩০-৩৫ জন অভিভাবক আসতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

