ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া ও স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে গত ১৭ মার্চও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
সূত্র আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে রহিম গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার জন্য জিয়াউর রহমান প্রতিপক্ষ কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে দায়ী করেন।
এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে আক্তার মিয়া ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

