আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে লার্ভিসাইডিং এবং বিকেলে ফগিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী ১নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রাম থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, পৌর প্রকৌশলী জাকারিয়া আলম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। মশার লার্ভা ধ্বংসই এর বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীকে সুরক্ষিত রাখতে কাজ করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
পৌর প্রকৌশলী জাকারিয়া আলম জানান, পরিকল্পিতভাবে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ বলেন, নির্ধারিত টিম প্রতিদিন সকালে লার্ভিসাইডিং ও বিকেলে ফগিং কার্যক্রম পরিচালনা করবে এবং নিয়মিত মনিটরিং করা হবে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে এবং নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

