যশোর প্রতিনিধি
যশোর শহরের আর এন রোডে অবস্থিত ‘ক্যাফে নূর হোটেল’-এ অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে হোটেলে পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে গিয়ে হোটেলের ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার পাওয়া যায়। রান্নাঘর চরম নোংরা ছিল এবং সেখানে প্রচুর তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া বিরিয়ানি তৈরির বিভিন্ন উপাদানে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না। কর্মকর্তারা বারবার পোড়া তেল ব্যবহার করা হয়েছে এমন প্রমাণও পেয়েছেন।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে কেনা ২৪ প্যাকেট বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে এবং বুধবার সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হোটেল মালিক মুকুল হোসেন বকুলকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও পুলিশ সদস্যরাও অংশ নিয়েছিলেন।

