বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করেছে ১৪ বছর বয়সী এক কিশোরী। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
অনশনকারী কিশোরী আখি মনি (১৪) ওই এলাকার আব্বাস আলীর মেয়ে এবং রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত প্রেমিক মো. শিশির (২২) একই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
কিশোরী আখি মনি জানায়, গত প্রায় ৬ মাস ধরে তার সঙ্গে শিশিরের প্রেমের সম্পর্ক চলছিল। তারা মাঝেমধ্যে রাতের বেলায় বাসার পাশের মাঠে দেখা করত। মঙ্গলবার রাতে একইভাবে দেখা করার সময় তার মামাতো ভাই বিষয়টি দেখে ফেললে শিশির সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবারের মানহানি হয়।
এ ঘটনার পর বিয়ের দাবিতে আখি মনি শিশিরের বাড়িতে গিয়ে অবস্থান নেয় এবং অনশন শুরু করে। তার অভিযোগ, শিশিরের বাবা তাকে চলে যাওয়ার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেন, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে শিশির ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।
তবে অভিযোগ অস্বীকার করে শিশিরের বাবা হাফিজুর রহমান বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। কাউকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়নি। এটি সাজানো ঘটনা।”
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

