নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আজ ২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপাচার্য শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহেও সংশ্লিষ্ট পরিচালকরা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া ভোরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই কর্মসূচি দেশের স্বাধীনতার চেতনার প্রতি শিক্ষাব্যবস্থার গভীর শ্রদ্ধা ও সংহতির পরিচয় বহন করে।

