স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে হাজমা মুন্সী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজমা মুন্সী শিবপুর গ্রামের রুহুল মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, রুহুল মুন্সী ও তার পরিবার খুলনায় দীর্ঘ বছর ধরে বসবাস করে। ঈদের ছুটিতে হাজমা মুন্সী বাড়িতে আসে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অজ্ঞাত ৭–৮ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে হাজমা মুন্সী বাড়ির পিছনে একটি খালের পাড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তার পিছু নেয়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
হাজমা মুন্সীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত-বিক্ষত অবস্থা ছিল। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের কোনো কারণ জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।
চিতলমারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন, তবে এখনও হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়নি। পুলিশ আলামতসহ ঘটনা তদন্ত করছে।

