কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কোটালীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নদীর পশ্চিমপাড় এলাকার স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী, মোশারফ মোল্লা, খলিল গাজী, জসিম বেপারী ও এমদাদ আলী।
বক্তারা বলেন, কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিন দিন মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, “মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা ৯ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কর্মসূচি চালানো হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

