যশোর প্রতিনিধি
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে সরকারের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৮ মার্চ) সকালে কেশবপুর উপজেলার বেরুলি গ্রামে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বেরুলি গ্রামের খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমরসমান পানি জমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো। এমনকি মৃত ব্যক্তির দাফন-কাফনেও চরম দুর্ভোগ পোহাতে হতো। সারাদেশে চলমান খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেরুলি পাইলট স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি ভবদহ সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, ভবদহ এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য ২১ ভেন্টের রেগুলেটর খুলে দেওয়া হবে এবং ১৮টি পয়েন্টে পানি নিষ্কাশন ব্যবস্থার মেরামত কাজ শুরু হয়েছে।
এছাড়া নদীর নাব্যতা রক্ষায় মাল্টিপারপাস ড্রেজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে একটি সাব-স্টেশনসহ ৩৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন তিনটি পাওয়ার পাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ভবদহ এলাকায় মোট ৬৮ কিলোমিটার খাল পুনঃখননের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু খালের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলো দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী বর্ষা মৌসুমের আগেই অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। কৃষিতে বিপ্লব সাধন ও মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

