একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের পেট্রোল পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
আজ রবিবার (২৯ই মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তেল সরবরাহের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করেন।
পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকা যানবাহনের চালকদের কাছেই জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। যাদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে, কেবল তারাই তেল সংগ্রহ করতে পারছেন। অন্যদিকে, যেসব মোটরসাইকেল বা যানবাহনের কাগজপত্র সঠিক নেই, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বার্তা অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাম্পের শৃঙ্খলা রক্ষা এবং সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মোটরসাইকেল নিয়ে পাম্পে আসার আগে চালকদের অবশ্যই গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
যাদের কাগজপত্র সঠিক আছে, তারা কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারছেন। তবে নিয়ম অমান্যকারী ও অবৈধ কাগজপত্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

