জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলায় বৈধ কাগজপত্রবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. গোলাম মওলা, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাম্প মালিক রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা।
সভায় সিদ্ধান্ত হয়, চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। একই সঙ্গে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের কাছেও তেল বিক্রি করা হবে না।
এছাড়া খোলাবাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি রোধে অভিযান জোরদার, পেট্রোল পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) থেকে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে নতুন এ নির্দেশনা জনসাধারণকে জানানো হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অবৈধ কার্যক্রম কমে আসবে।

