জয়পুরহাট প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগ ও বাজার অস্থিরতায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ন্যায্য দাবি আদায়ে জয়পুরহাটে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে শহরের চিনিকল সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মাছুয়া বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা কৃষকের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে পাঁচুর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে আলু চাষিরা বারবার ক্ষতির মুখে পড়ছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষি খাত মারাত্মক সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।
জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আহ্বায়ক বদিউজ্জামান বদি বলেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলেও তারাই সবচেয়ে অবহেলিত। হিমাগারের অভাবে কৃষক বাধ্য হয়ে লোকসানে আলু বিক্রি করছেন। এ অবস্থার জন্য বাজার সিন্ডিকেট ও নীতিগত দুর্বলতাকে দায়ী করে তিনি দ্রুত বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
সিপিবির সাধারণ সম্পাদক রমজানুজ্জামান বলেন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে সরকারকে সরাসরি ভূমিকা নিতে হবে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি মূল্যে সার যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সমাবেশে বক্তারা আরও বলেন, চলমান সংকট শুধু কৃষকের নয়, দেশের সামগ্রিক কৃষি অর্থনীতির জন্যও হুমকি। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণ প্রদান, আলুর ন্যায্য মূল্য নির্ধারণ, পর্যাপ্ত হিমাগার নির্মাণ এবং দীর্ঘমেয়াদি কৃষিনীতি গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

