মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ১৩নং কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। দুপুরে সে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীর পানিতে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, শিশু নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

