যশোর প্রতিনিধি
যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে একটি প্রতারকচক্র মানুষের কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ফোন দিচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) দিনভর যশোরের বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দিয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
যশোরের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) আসিফ উদ্দিন বলেন, “প্রতারকচক্র ফোন করে বলছে—‘আমরা প্রশাসনের মানুষ, বিশেষ প্রয়োজনে টাকা দরকার। দ্রুত পাঠান।’ বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় অনেকেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।”
তিনি জানান, যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো সম্পূর্ণ প্রতারণা। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা এভাবে কারও কাছে টাকা চান না।
এ ঘটনায় ব্যবহৃত তিনটি মোবাইল নম্বর ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নম্বরগুলো হলো: ০১৬২১-৮৩৯৩২৯, ০১৭৮২-৬৩৮৯৭৮ এবং ০১৭৬৪-৮৭৬১৩৭।
আসিফ উদ্দিন আরও বলেন, “বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। আপনার কাছেও এ ধরনের ফোন আসতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
তিনি জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে এ ধরনের প্রতারণামূলক ফোনকল পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং কোনো অবস্থাতেই টাকা লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

