জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৪ এপ্রিল) সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন। এর মাধ্যমে জেলার মানুষের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “জয়পুরহাটের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়ন আমাদের অগ্রাধিকার। হাসপাতাল সম্প্রসারণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জোহা এবং রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
স্থানীয়রা মনে করছেন, হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে জেলার চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে উন্নত চিকিৎসাসেবা পাবে।

