সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে ঝনঝনিয়ায় স্থাপিত সরকারি এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর আগে তিনি রামপালে অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন এবং সেখানে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ এস এম মাহাবুবুল আলম, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পালসহ অন্যান্যরা। পরিদর্শনের শেষে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে।

