ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা। অপরদিকে তালুকদার গ্রুপের নেতৃত্বে রয়েছেন সলেমান ও রবি তালুকদার।
শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শনিবারের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

