নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে ছদ্মবেশে পরিচালিত যৌথ অভিযানে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন জহির (৫৫) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার মাইজদী নতুন হাউজিংয়ের বালুর মাঠ সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জসিম কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১১, সিপিসি-৩ এর একটি যৌথ দল ছদ্মবেশে ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন জসিম নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি পেশায় ইটভাটার শ্রমিক হলেও দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। প্রতিটি চালানের বিপরীতে তিনি প্রায় ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। এর আগে তিনি একাধিকবার একই ধরনের মাদক চালান সরবরাহ করেছেন বলেও স্বীকার করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

