যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপন ও একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে হারুন অর রশীদের বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি পরিবারের অন্য সদস্যদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (৪ এপ্রিল) বিকেলে পদ্মবিলা বাজারে মানববন্ধনের ডাক দেয় স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জানান, বিষয়টি দলের নজরে এসেছে এবং উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, অভিযোগের বিষয়ে দলীয় তদন্ত চলছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
অভিযোগ অস্বীকার করে হারুন অর রশীদ বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
এদিকে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার (৫ এপ্রিল) সদর উপজেলা বিএনপি তার পদ স্থগিত করে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

