আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির সময় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় বাবু ঘোষের মাইক্রোবাস গ্যারেজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওয়াপাড়া গ্রামের মৃত শ্রীশ চন্দ্র ঘোষের ছেলে রবিন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৫) এবং মিঠাপুর গ্রামের প্রবীর কুমার বসুর ছেলে নিরব কুমার বসু (১৯)। তাদের মধ্যে রবি ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির সময় রবি ঘোষ ও ক্রেতা নিরব বসুকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আলফাডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

